Friday, July 30, 2021

আমন্ত্রিত সংখ্যা≈দেবাশিস মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||








দেবাশিস মুখোপাধ্যায়


বাদলকুসুম

এক দীর্ঘ রোদ বিছানা হলে
ডানা ভিজে থাকে না ব্যালকনির
পথের বয়স মাপে না সকাল
এক পুকুর কখন আয়না 
ঘাটমেয়ের

তল্লাশির ভিতর কখন চিরুনি 
ঢুকে গেলে দুটো মাছ কখন
চোখের তুলনায়

চিবুক ভালো লেগে যায় চুলের গতিপথে


বাদলকুসুম ২

বৃষ্টির কাছাকাছি রান্নাঘর
গান তুলছে রবি ঠাকুরের
মৌ  ও মাছির বিন্দাস গমন

ক্ষুধার্ত কুকুরের এই উঠোন
পড়ে আছে ধূপের ধোঁয়ায়
নিশ্চুপ কোথায় পড়ছে তাল

প্রভাতী হারমোনির ম্যাজিক
ফিরে এল রোদ বৃষ্টি খেলায়
হেরে গো হারা বিচ্ছিন্নবাদী মন


বাদলকুসুম ৩

একটা শহর হঠাৎ বৃষ্টি হলে
তাস খেলা থেমে যায়
গুলাম বিবির দিকে তাকালে
উনুন নিভে যাওয়ার গল্পটি ফিরে আসে

জোকারের এখানে কোনো ভূমিকা নেই 
তাই খুলে রাখতেই হয় ঢিলে পলিথিন
সারা গায়ে জল কথা বলে উঠলে 

পানটি মুখে সে ভাঁজে হিন্দি গান
দু কলি
কখন ভিতর নাড়িয়ে

বাদলের দিনগুলি কুসুম কুসুম আগুন



No comments: