নীলিমা সাহার কবিতা
'মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বমগমঃ শাশ্বতী সমা'
1)
প্রজ্ঞাপারমিতা স্কুল ।অঙ্কের ক্লাস থেকে
ভেসে আসছে পিথাগোরাস...
জ্যামিতিপরিমিতির বাইরে ওই তমসরাজসিক ক্ষেত্রফল----কোকুনের স্থানে উই-এর বাসা
চৈত্র-স্লেটে উষ্ণ পুকুর--ছমছম ঝমঝমে রাঙা হাসিরা বুঝলেও পাশেই বাংলা-দিদিমণি
টের পায়নি সিঁড়ির মধ্যমা
কী ভাঙছে--সন্ধি না প্রত্যয় !
দুপুরমেঘের নূপুরে ততক্ষণে অজস্র শ্রাবণ--
ভাঙা-গড়ার পাড়ে শীত-সব্জি যেন--ফিজিক্স-পাতায় ইন্টারন্যাশনাল ফিজিওলজি-খেলছে ফেয়ারিরোদ,প্রেমহরকরা...
গৃহান্তরে আর পৌঁছায় না স্যুররিয়েল চিঠি
পাড়াকে পাড়া তবু ছুটছে নেশা আর নেশায়
2)
নতুন বাড়িটা পুরোনো ইঁটেই গাঁথা--
অথচ কী সাধে নামাঙ্কিত 'নতুন বাড়ি'
কুহুকুহু কুহক --পুরোনো ছায়ারই যাতায়াত
হু হু মনকেমনিয়া শনশন গায়
পর্দায় দোলে অ-সুখনামা--
বিকেল আগলে চকচকায় অদূর-সূর্যাস্ত
নির্নিমেষ ব্যাকুল বকুলকথারা
নতুন সাজে সেজে ওঠে অলীক গর্ভের দুঃখ
প্রথম বন্ধনে আঁকে মর্মর জ্যোৎস্না
3)
দীর্ঘছায়া।আতঙ্ক ।শীৎকার
ক্ষুধা ...
জন্মান্তরে রূপকথা--নির্ঘুম সোসিওপ্যাথস

No comments:
Post a Comment