Thursday, May 7, 2020

চিরঞ্জিৎ বৈরাগী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


১টি অক্ষর ছেঁড়া সময়
চিরঞ্জিৎ বৈরাগী


২টি তালা উত্তর দক্ষিণে
মাঝখানে হাতল
সাধারণীকরণে এগোও
তবুও পৃথকীকরণ

হলুদ স্বপ্ন
আরশোলা পীঠে ইটের গুঁড়ো
অথচ সারি সারি কেন্নোরা লাইন ভাঙে

১টি কুঁকড়ে থাকা লেজ
কত শত বেতের আঘাত__
                                     জিনগত স্বভাব
                                     আঠালো মেজাজ
একে একে দুই হলেও,
                               অভ্যাসের দাস

বোটাসহ তিনটি আম
ছাদের সঙ্গে ঠান্ডা গরম সমানুপাত
বাতাস আড়চোখে

সাহিত্যের পাতায় মুখ থুবড়ে ইঁদুর
চেটে নয়__

ছিঁড়ে ছিঁড়ে জ্যান্ত অক্ষর খাচ্ছে



আমিনুল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


নামহীন চায়ের পেয়ালা 
আমিনুল ইসলাম

সব আলস্য
উড়ে যাচ্ছিল বাতাসের অন্তরঙ্গতায়
জলীয় ভাবানুধ্যায় থেকে স্পর্শহীন
ছুঁয়ে যাওয়া ধূসর জোৎস্নায়-
দ্বিচারি আলোয় নিভিয়ে আসে
                  মহীরুহ অমলতাস
বাউন্ডুলে স্বপ্নরা উড়তে শিখছে, ওদের
ডানার বিন্যাসে ঝড়ছে স্বাধীন শব্দের কারাগার
আত্মতুষ্টি থেকে অমোঘ বর্ষাকালের স্বচ্ছ শরীরে গড়িয়ে পড়ছে ফুলদানি জন্মের প্রাক ইতিহাস
হাই ধরে ধরে ঘুম উধাও চোখে
একটি খরস্রোতা নদীর
জড়ুল স্পর্শ করছে কাক
ওদের পরম্পরায় কর্কশ শব্দগুলোর ছুটি হলে
পড়ে থাকে অন্ধকারের নীরব উচ্চারণ
শিকারির ধর্মনিরপেক্ষতার রসায়ন ঘোষিত হয় একপায়ের ভারসাম্যে, জীবনের অন্ধকারেই
লুকিয়ে থাকে অন্য আর এক
ভৌগলিক আঁচ। শুধু অবশিষ্ট তরল
আগলে রাখে পেয়ালার তছনছ...

মতিউল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

দফা ৩০২
মতিউল ইসলাম 

দফা ৩০২ -
দাড়িয়ে আছি কাঠগোড়ায়,
বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি পড়তে চাইছে
চামড়া অস্থি রক্ত মাংস ভেদ করে
হৃদয়ের কথা।

জবানবন্দি-
হুজুর এ হত্যা নয়,
ভালোবাসার এক্সপেরিমেন্ট ।
সোহাগের মূর্হুতে মস্তিষ্কে বিস্ফোরণ,
স্তন কামড়ে হৃদয়ের সন্ধান,
রক্তাক্ত হৃদয় চুবিয়ে রাখার বাসনা
ফর্মালিনের জারে।
বিজ্ঞাপনের যুগে নতুন বিজ্ঞাপন।

কোন সিদ্ধান্ত নয়
নেক্সট ডেট।

মায়িশা তাসনিম ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

বলয়গ্রাস ১৯
মায়িশা তাসনিম ইসলাম

প্রিয়তমা অন্ধকার
তুমি আধ্যাত্মবাদ শেখাতে আসলে ভাইয়ের মাথায় সিলিং ঘোরে। সমস্যাটা বাবার আমলে মিটে যেতে পারত কিন্তু মা শিখিয়েছে যুদ্ধ আর ছয়টা তপস্যা। ২১ গন্ধের মসলা দিলে গালি খেতে হয় আর গরু তে প্রিয় সাম্রাজ্যবাদ ধরা পড়ে। বোবার সামনে নাক পাতলে মায়েদের অফিস লাঞ্চ ফ্রিজে পঁচে...একতরফা মিটিংয়ে একটা বিড়াল হয়ে দুধের দেবী খুঁজি, রক্তাবৃত আত্মারা ঘূর্ণনে লাফিয়ে ওঠে কালকূট গুঞ্জনে....

প্রিয়তমা অন্ধকার
নীলের সাথে জড়িয়ে যায় শ্যামাঙ্গ ক্রেতা বিক্রেতা, হাসিমুখ পাখা সঞ্চয়ে দুই শালিক বন্দি হয় না। তেষ্টা পেলে গাছেদের ফিল্টার আছে, সবুজ পানে গলাটাও যদি নীল মত রূপকথা, ফিরে যাব ভোরের পদ্মা-কবচ আমলে...


আলিউজ্জামান

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।




সহজঋণ 
আলিউজ্জামান 

তোমাকে ভালোবাসার পর
গ্রীষ্মের দীর্ঘ বারান্দায়।ঘরমোছা চোখের চাউনিতে
ন্যাঙটো বালক গোলাপকুঁড়ি রেখে যায় 
                             নিমগাছের তলায় ।
তারপর গ্রাম্য আকাশডানায় লিখে রাখি  
পদ্মগোখরের অন্তর্ধান রহস্যে 
শ্যাওলাবাস্তুতন্ত্রের পরিকাঠামো।
শুধু তোমাকে ভালোবাসার পর,আধ খাওয়া পাউরুটি বিক্রেতাকে 
উপেক্ষা করে।   
গোপনীয়তার সংস্করণে প্রাপ্ত সহজঋণের দায়ে ,
একটা ট্রেন হারিয়ে যায় সম্ভবত পর্ণমোচির অরণ্যে।